© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ এএম | ০৪ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। দলটির ৫৮ জন বিধায়ক প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন।

বুধবার (৩ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঋতব্রতকে সমর্থন জানিয়ে ৫৮ জন বিধায়ক বিধানসভার স্পিকার রাথিন্দ্র বোসের কাছে লিখিতভাবে আবেদন করেন। স্পিকার আবেদন গ্রহণ করেন এবং বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবিও ঋতব্রতের কাছে হস্তান্তর করেন।

এদিকে কলকাতার মেয়র ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি মমতার অনুমতি নিয়েই পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক মহলে এটি মমতার জন্য নতুন চাপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে পরাজয়ের পর দলটির ভেতরে অস্থিরতা বাড়ছে। প্রথমে একাংশ বিধায়কের বিদ্রোহ এবং পরে মেয়রের পদত্যাগ—এই ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে স্পষ্ট করছে।

দলীয় পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জি বুধবার তাঁর কালিঘাটের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক আহ্বান করেন। কিন্তু তৃণমূলের মনোনয়নে নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই ওই বৈঠকে উপস্থিত হননি বলে এনডিটিভি জানিয়েছে।

তবে দলের নেতা কুনাল ঘোষসহ কয়েকজন বিধায়ক বৈঠকে অংশ নেন। উপস্থিতদের মধ্যে মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জিও ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এবং সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে বিশ্লেষকদের মত।

এমআই/টিএ

মন্তব্য করুন