দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, বাড়তে পারে ঝড়-বৃষ্টির প্রবণতা
ছবি: সংগৃহীত
০২:২৩ পিএম | ০৪ জুন, ২০২৬
চলতি জুন মাসে বঙ্গোপসাগরে অন্তত ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এ মাসে কয়েক দফায় মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে প্রায় ৪০ ডিগ্রিতে উঠতে পারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া চলতি জুনে ৫ থেকে ৭ দিন দেশে বজ্রঝড় হতে পারে।
জুন, ২০২৬ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। আর এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি জুন মাসে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে এ মাসে দেশে ২ থেকে ৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি ধরনের (৩৮-৩৯.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে জুনে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময়-বিশেষে বৃদ্ধি পেতে পারে।
এছাড়াও চলতি জুন মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫-৫.৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টিজে/টিএ