সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার খবর অসত্য: বিমান প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ০৪ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা অসত্য বলে দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, তদন্তে লাগেজ মিস হ্যান্ডেলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি।
তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডলিং যেনো না হয় সেজন্য বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি যে অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে।
বিমান প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী ১৯ জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্য ১৪টি নয়, ৪৭টি বিমানের ফ্লিট প্রয়োজন। আগামী ২০৩১ সালে প্রথম বোয়িং বিমান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এমআর/টিএ