© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৪

শেয়ার করুন:
পিরোজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ০৪ জুন, ২০২৬
পিরোজপুর সদর উপজেলার খলিশাখালি এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা ও ইজিবাইকচালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এবং সদর উপজেলার হুলারহাট বানেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে।

আহতরা হলেন-একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম (৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া (১৯) এবং ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে ও ইজিবাইকচালক রাসেল (৩০)। এছাড়া প্রাথমিক চিকিৎসা নেওয়া রিয়ান নামে অপর একজনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারিয়া আক্তার ও তার মা নানাবাড়ি তেজদাসকাঠি থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি হুলারহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইজিবাইকটি সদর উপজেলার খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১১৪৮৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে মারিয়া আক্তার নামের এক তরুণী হাসপাতালে আনার আগেই মারা যান। বাকিদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেএন/টিকে

মন্তব্য করুন