দেশে তীব্র গরম আর থাকবে কতদিন?
ছবি: সংগৃহীত
০৪:০৯ পিএম | ০৪ জুন, ২০২৬
দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তা আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। যদিও তাপপ্রবাহের তীব্রতা কমলেও ভ্যাপসা গরমের অনুভূতি সহজে কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গতকাল দেশের পাঁচ বিভাগ- ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে তাপপ্রবাহ বয়ে গেছে। এসব বিভাগের ৪৫টি জেলার পাশাপাশি চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াতেও তাপপ্রবাহ ছিল। সব মিলিয়ে দেশের ৪৮টি জেলা তাপপ্রবাহের আওতায় আসে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে বলেন, চলতি বছরে এত বিস্তৃত এলাকায় একসঙ্গে তাপপ্রবাহের ঘটনা আগে দেখা যায়নি। তার ভাষ্য, জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমে আসার সম্ভাবনা রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসে সর্বোচ্চ।
সাধারণত দেশের সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে এবং দ্বিতীয় সর্বোচ্চ মে মাসে। তবে এ বছর এপ্রিল ও মে মাসে তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হওয়ায় গরমের তীব্রতা কম ছিল। কিন্তু জুন মাসে মৌসুমি বায়ু প্রবেশের সময় হলেও এখনো তা পুরোপুরি সক্রিয় হয়নি।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তার মতে, এবার মৌসুমি বায়ুর আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে। বায়ু প্রবেশের তিন থেকে চার দিন পর দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।
তিনি আরও জানান, শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমতে শুরু করলেও গরমের অনুভূতি খুব বেশি কমবে না। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ২৫ মে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছিল। সাধারণত ৩১ মে নাগাদ এটি বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু এবার মৌসুমি বায়ুর আগমন বিলম্বিত হওয়ায় বৃষ্টিও পিছিয়ে যাচ্ছে, ফলে গরমের অস্বস্তি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশের পর বৃষ্টিপাত বাড়তে শুরু করলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পুরো জুন মাসজুড়েই স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএ/টিএ