একসঙ্গে দুই দায়িত্ব পালন সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:১৫ পিএম | ০৪ জুন, ২০২৬
একসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার নজির রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই পথ ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ব্যক্তিরা নিরলসভাবে কাজ করেছেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা-আমরা যে টিম স্পিরিট নিয়ে কাজ করেছি, এই বিজয়ের পেছনে তার অবদান ছিল বিপুল। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি।’
এখন ছুটিতে যাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘চাকরি ছাড়ব কি না, এটাই তো? না না, ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই! এর নজির আছে। আজ থেকে ৪০ বছর আগে হুমায়ূন রশীদ চৌধুরী সাহেব, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। তখন ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। কিন্তু এখন নিরবচ্ছিন্নভাবে দুটি দায়িত্বই একসঙ্গে পালন করা সম্ভব। এটা এখন খুবই স্বাভাবিক।’
এ সময় আরেক সাংবাদিক বলেন, ‘আমরা চাই আপনি দুটি পদেই থাকুন।’
এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি আমি আগেও পরিষ্কার করেছি। অনেকেই বলেছেন, বর্তমানে যিনি আছেন- জার্মানির প্রতিনিধি- তিনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু ওই পদ ছেড়ে দায়িত্ব পালন করেছেন। আসলে বিষয়টি হলো, তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন। তার দল নির্বাচনে হেরে যাওয়ায় তিনি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেননি।’
টিকে/