© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবক নিহত

শেয়ার করুন:
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবক নিহত

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০২:২৯ পিএম | ০৫ জুন, ২০২৬
ভারতের রাজধানী নয়া দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী। এর আগে গত বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়ুন কবির পাটোয়ারী বলেন,নিহত নূরুল আমিন সোহাগ (৪০) চৌদ্দগ্রামের উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে নয়া দিল্লি গিয়েছিলেন সোহাগ। 

তিনি আরো জানান, বুধবার সকালে মালবীয় নগরের ওই আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি গুরুতর দগ্ধ হন এবং পরে মারা যান। এ ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া পরিবারের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে সোহাগের মৃত্যুর খবরে নিজ গ্রাম সাঙ্গীশ্বরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

টিএ/

মন্তব্য করুন