© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

শেয়ার করুন:
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ০৫ জুন, ২০২৬
দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবিরের সই করা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে আজ কিছু কিছু জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন