এবার মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের মিছিল
ছবি: সংগৃহীত
০৭:১২ পিএম | ০৫ জুন, ২০২৬
চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে বিমানবন্দর সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হন। পরে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘মিছিলটি বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার ওসিকে বিষয়টি জানানোর জন্য কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।’
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অন্তত চারটি মিছিল করেছেন। সর্বশেষ সোমবার সকালে নগরীর জিইসি এলাকায় মিছিলের পর অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এসকে/টিকে