© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে হট্টগোল

শেয়ার করুন:
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে হট্টগোল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ০৭ জুন, ২০২৬
ভোলার মনপুরায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়ায় ও শাটারে 'জয় বাংলা' স্লোগান লেখা নিয়ে দিনভোর হট্টগোলের ঘটনা ঘটে। এই ঘটনায় নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এই সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবদল নেতা।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলকায় এই ঘটনা ঘটে।

পিটিয়ে আহত ও পুলিশ হেফাজতে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির।

অপরদিকে আহত যুবদল নেতা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের নেতা লোকমান ছৈয়াল।

জানা যায়, রোববার দিনভোর উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নতুন বাজার এলাকায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড বেড়ায় ও শাটারে জয় বাংলা স্লোগান নিয়ে হট্টগোল শুরু হয়। পরে বাজারে আসা এক ছাত্রলীগ কর্মী শফিক মিরকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এই সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসাপাতালে ভর্তি হন যুবদল নেতা লোকমান ছৈয়াল।

এই ব্যাপারে মরপুরা উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রলীগের একাধিক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘এই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। কোনো গুপ্ত সংগঠনের নেতারা এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপিয়ে রাজনীতির পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আমাদের এক কর্মী বিনাদোষে পিটিয়ে পুলিশে দিয়েছে। আমরা এই ঘটনার নিন্দার পাশাপাশি হেফাজতে নেওয়া ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবি জানাই।’

এই ব্যাপারে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জামাল মাষ্টার জানান, উপজেলা নেতাদের সঙ্গে আলাপ করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার ঘটনায় নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

এসএন 

মন্তব্য করুন