© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ পিএম | ০৭ জুন, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোলইকান্দি বটতলা এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।

পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছার পর অটোরিকশাটি কাত হয়ে যাওয়ায় মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের ওপর পড়ে। একই সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু-জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশুটির মাও শিশুকে বাঁচাতে গিয়ে আহত হন।

নান্নু খান জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে অটোরিকশা ও ট্রাকচালক পালিয়ে যায়। আহত অবস্থায় শিশু আলিফের মাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমআর/টিএ   

মন্তব্য করুন