মুন্সিগঞ্জে যুবদলের মিছিলে মোবাইল চুরি, ২ গ্রুপে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
০২:৪৬ এএম | ০৮ জুন, ২০২৬
মোবাইল চুরির অপবাদে মুন্সিগঞ্জে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিকেলে আনন্দ মিছিলের আয়োজন করে জেলা যুবদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের পর মোবাইল চুরির অপবাদ দিয়ে একজনকে মারধর করা হয়। এরপর হট্টগোল সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, শহরের উত্তর ইসলামপুর এলাকার বিএনপি নেতা রাজু ও দক্ষিণ ইসলামপুর এলাকার রায়হান কবির গ্রুপের সমর্থকদের মধ্যে হামলার এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুন্না জানান, আনন্দ মিছিল শেষে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে এতে যুবদল ও ছাত্রদলসহ বিএনপির কেউ জড়িত নয়।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের হট্টগোল সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে মারামারির হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এমআর/টিএ