গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত
০৯:৪৭ এএম | ০৮ জুন, ২০২৬
গাইবান্ধা সদর উপজেলায় বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
রোববার (৭ জুন) রাতে উপজেলার ত্রিমোহনী পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাইবান্ধা সদরের ত্রিমোহনী পেয়ারাপুর এলাকায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে সীমানার প্রাচীর নির্মাণ কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।
এতে কলেজ শিক্ষার্থী রুমনআহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন। এ সময় স্থানীয়রা অচেতন অবস্থায় কলেজশিক্ষার্থীসহ বাকি আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এসকে/টিকে