দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ দিলেন যুবক
ছবি: সংগৃহীত
০৮:৫৪ পিএম | ০৯ জুন, ২০২৬
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করে ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন শিবু নামের এক ফুটবলপ্রেমী।
সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এই ব্যতিক্রমী দলবদলের আয়োজন করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবু নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। সোমবার রাতে ব্রাজিলে যোগ দেওয়ার এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক। তারা নতুন এই সদস্যকে করতালি দিয়ে স্বাগত জানান।
শিবু বলেন, আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।
তিনি বলেন, ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।
শিবুর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, শিবু শুধু মেসির কারণে আর্জেন্টিনা করতেন। কিন্তু এবার দলটির ওপর আস্থা হারিয়ে ফেলায় তিনি ব্রাজিলের হলুদ শিবিরে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।
ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, বিশ্বকাপের আগে ফুটবল সমর্থকদের মধ্যে এ ধরনের আবেগ ও পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের দলের অংশ। আমরা সবাই মিলে এবার ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য শুভকামনা জানাই।
এমআর/টিএ