© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৃষক দলের নেতা হত্যাকাণ্ডের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও জামায়াতের অফিস ভাঙচুর

শেয়ার করুন:
কৃষক দলের নেতা হত্যাকাণ্ডের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও জামায়াতের অফিস ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ এএম | ১১ জুন, ২০২৬
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) হত্যাকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে বুধবার (১০ জুন) রাতে বারুইপাড়া ইউনিয়নের উজলকুর বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও জামাত নেতা মাওলানা মুজিবুর রহমানের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এর আগে বাদল মোড়ল হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন দুপুরে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হলে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বারুইপাড়া বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মিছিল চলাকালে একদল বিক্ষুব্ধ ব্যক্তি বারুইপাড়া বাজারে অবস্থিত জামায়াতের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় সেখানে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আরেফিন বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের জেরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও জামায়াতের কার্যালয় ভাঙচুরের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একদল হেলমেটধারী দুর্বৃত্ত কৃষক দল নেতা বাদল মোড়ল ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ মোড়লের ওপর হামলা চালায়।

ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বাদল মোড়ল নিহত হন।

গুরুতর আহত আবদুল্লাহ মোড়লকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে নিহতের সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বারুইপাড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

এসকে/টিএ

মন্তব্য করুন