© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়ার বাজারে ঢুকছে ৩ ট্যাঙ্কার এলএনজি, পাড়ি দিল হরমুজ

শেয়ার করুন:
এশিয়ার বাজারে ঢুকছে ৩ ট্যাঙ্কার এলএনজি, পাড়ি দিল হরমুজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ১১ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ উত্তেজনার মধ্যেই তিনটি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাহাজ-ট্রাকিং ওয়েবসাইটের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাহাজ-ট্রাকিং ওয়েবসাইট এলএসইজি এবং কেপলার জানিয়েছে, ট্যাঙ্কারগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে। বর্তমানে এগুলো এশিয়ার বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছে।  
 
ওয়েবসাইট বলছে, কাতার এনার্জি-নিয়ন্ত্রিত ট্যাংকার লেব্রেথা ও রাশিদাকে সর্বশেষ যথাক্রমে ১ জুন এবং ৩০ এপ্রিল প্রণালির পশ্চিমে দেখা গিয়েছিল। এ ট্যাঙ্কার দুটি রাস লাফান থেকে বোঝাই করা পণ্য বহন করেছিল। এরপর ১০ জুন ট্যাঙ্কারগুলো জাহাজ-ট্র্যাকিং ডেটাতে পুনরায় দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মে পণ্য বোঝাই করা লেব্রেথা জাহাজটি পাকিস্তানের দিকে যাচ্ছে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে পণ্য বহন করা রাশিদা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি রয়েছে। 

গতকাল ১০ জুন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি পরিচালিত এলএনজি ট্যাংকার ‘মেরিগোল্ডকেও’ জাহাজ-ট্র্যাকিং ডেটায় পুনরায় দেখা গেছে।ধারণা করা হচ্ছে, এটি ভারতের দিকে যাচ্ছে।

আল জাজিরা বলছে, ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেব্রেথা, রাশিদা ও ম্যারিগোল্ডসহ মোট ১২টি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। এরপর গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, গত ৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী সাতটি জাহাজকে অচল করে দিয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১৩৪টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এমআর/টিএ   

মন্তব্য করুন