© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরায়েলি এমপি

শেয়ার করুন:
তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরায়েলি এমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ এএম | ১২ জুন, ২০২৬
তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য এরিয়েল কেলনার। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

গালেই ইসরায়েল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলনার বলেন, সবদিক বিবেচনায় তুরস্ক একটি শত্রু রাষ্ট্র। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ইসলামি খেলাফত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা এক স্বৈরশাসক বলেও মন্তব্য করেন।

কেলনার বলেন, তিনি অত্যন্ত বিপজ্জনক একজন ব্যক্তি, তিনি ইসরায়েলকে অন্তর থেকে ঘৃণা করেন। ইসরায়েলি এমপি আরও বলেন, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর উচিত তাকে একটি হুমকি হিসেবে দেখা।

এর আগে মঙ্গলবার এরদোয়ান বলেছিলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন পর্যায়ে পৌঁছেছে, যা এখন তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছিলেন, ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলকে থামাতেই হবে, এটি মানবতার দায়িত্ব।

এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। এরদোয়ানের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আমার খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে খুব ভালোভাবে কাজ করেছি। আমি তাকে অনেক পছন্দ করি।

ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সবচেয়ে সমালোচকদের অন্যতম তুরস্ক। ২০২৪ সালের মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায়ও যোগ দেয়।

তবে বাণিজ্য নিষেধাজ্ঞার পর তুরস্ক থেকে ইসরায়েলে সরাসরি রফতানি কমলেও তৃতীয় দেশের মাধ্যমে ২০২৫ সালে ৯২ কোটি ৪০ লাখ ডলারের পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাকু-তিবলিসি-জেইহান পাইপলাইনের মাধ্যমে আজারবাইজানের তেলও তুরস্কের বন্দর হয়ে ইসরায়েলে যাচ্ছে।

গাজা যুদ্ধ ও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মে মাসের শেষ দিকে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহারও তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।

জোহার বলেছিলেন, আমাদের তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা শুরু করতে হবে। তুরস্ক যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে তাকে নিঃসন্দেহে খুব বড় মূল্য দিতে হবে। ইসরায়েল জানে কীভাবে নিজের প্রতিরক্ষা করতে হয় এবং যারা তার ক্ষতি করে তাদের ক্ষতি করতে হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরআই/এসএন

মন্তব্য করুন