© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজ শিবির নেতা জিসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

শেয়ার করুন:
নিখোঁজ শিবির নেতা জিসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ এএম | ১৩ জুন, ২০২৬
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদকে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে লাকসাম জংশন এলাকায় তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি জানান, জিসানকে লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় শেষে বের হওয়ার পর থেকে জিসান আহমেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইসঙ্গে তার ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পর তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।

নিখোঁজের ঘটনায় শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জিসান আহমেদকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবি জানান।

রাত ১০টার দিকে লাকসাম জংশন এলাকায় তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, নিখোঁজ থাকার সময়ে তার সঙ্গে কী ঘটেছে এবং তার শারীরিক অবস্থার অবনতি কেন হয়েছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জিসান আহমেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে তার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, ‘জিসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে কী ঘটেছিল, সুস্থ হওয়ার পর জানা যাবে।’

আরআই/টিএ

মন্তব্য করুন