© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের

শেয়ার করুন:
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ এএম | ১৩ জুন, ২০২৬
তীব্র অর্থনৈতিক সংকট ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। শুক্রবার (১২ জুন) দেশটির রাজধানী জাকার্তায় রাজপথে নামেন শতশত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

‘দেউলিয়ার পথে ইন্দোনেশিয়া’ এই ব্যানারেই আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়।

চলমান ইরান- যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে অস্থিতিশীল জ্বালানি তেলের বাজার। এতদিন তেলের দাম অপরিবর্তিত ছিল দেশটিতে। তবে বেশ কিছু সরকারি ব্যয়বহুল প্রকল্পের কারণে দেখা দিয়েছে বাজেট ঘাটতি। আর চাপ সামলাতে চলতি সপ্তাহের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার।

আমদানিনির্ভর দেশটির অর্থনীতিতে চাপ বাড়তে থাকায় রুপিয়াহ মুদ্রার মানও কমেছে। চলতি জুনে এক ডলারের বিপরীতে রুপিয়াহ ১৮ হাজারে নেমে যায়, যা মার্চে ছিল প্রায় ১৬ হাজার।এই সপ্তাহে সরকার জ্বালানির দামে ৩২ শতাংশ বৃদ্ধি ঘোষণা করলে জনঅসন্তোষ আরও বেড়ে যায়।

বিক্ষোভকারীরা সরকারের ব্যয় অগ্রাধিকারেরও সমালোচনা করেন। প্রেসিডেন্ট প্রাবোওর অন্যতম প্রধান উদ্যোগ ১৫ বিলিয়ন ডলারের ‘ফ্রি মিল’ কর্মসূচিকে তারা অযৌক্তিক ব্যয় বলে উল্লেখ করেন। দারিদ্র্য ও অপুষ্টি কমানোর লক্ষ্য নিয়ে চালু হওয়া এই কর্মসূচি ইতোমধ্যে দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে।

এসময় অর্থনৈতিক দাবির পাশাপাশি আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন খাতে সেনাবাহিনীর বাড়তি ভূমিকারও বিরোধিতা করেন। ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল গত আগস্টে, যখন আবাসন সংস্কারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন