নারায়ণগঞ্জ হাসপাতালে উপস্থিতি যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৫১ পিএম | ১৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই নীরবে হাসপাতালে পৌঁছে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
রোববার (১৪ জুন) সকালে শহরের নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নাম ধরে ডাকতে শুরু করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ও সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।’
পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের নবনির্মিত আইসিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর আকস্মিক সফরের খবরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে, হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরাও স্বাস্থ্যসেবার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন।
টিকে/