© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে করোনা হাসপাতালে অগ্নিকান্ডে ৭ জনের মৃত্যু

শেয়ার করুন:
ভারতে করোনা হাসপাতালে অগ্নিকান্ডে ৭ জনের মৃত্যু
international-desk
১১:৫৬ এএম | ০৯ আগস্ট, ২০২০

ভারতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকালে দেশটির অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য বিজয়ওয়াড়া শহরের হোটেল স্বর্ণা প্যালেসকে অস্থায়ীভাবে কোভিড-১৯ হাসপাতালে রুপান্তর করা হয়। ওই হোটেলেই করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রাজ্যের রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্ধ্রপ্রদেশের পুলিশ সূত্র জানিয়েছে, অগ্নিকান্ডের সময় স্বর্ণা প্যালেসে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া আহতসহ অস্থায়ী হাসপাতালের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে রাজ্য পুলিশ সূত্র জানিয়েছে।

রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুনের ঘটনায় অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া অপর একটি বিশেষায়িত হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন