কোন মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর?
ছবি: সংগৃহীত
০৪:৩৭ পিএম | ১৪ জুন, ২০২৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
তার বিরুদ্ধে দুদক দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি করা হয়েছিল। সংস্থাটির ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে ছয়টি মামলা করে দুদক। যার একটি পাসপোর্ট জালিয়াতির মামলা।
২০২৪ সালের অক্টোবরে বেনজীরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি ‘নীল’ বা ‘লাল’ পাসপোর্ট গ্রহণ করেননি। বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ছাড়েন দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকা সাবেক এই আইজিপি। ২০২৫ সালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অবশেষে ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করল দুবাই পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতর, দুদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।
নজিরবিহীন দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বেনজীর আহমেদের বিপুল স্থাবর সম্পদের খোঁজ মেলে। তার পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। দেশে থাকা এসব সম্পদ আদালতের নির্দেশে এরইমধ্যে জব্দ করেছে দুদক।
এমআর/এসএন