যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট
ছবি: সংগৃহীত
০৫:৪৩ পিএম | ১৪ জুন, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফারস।
প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা স্মারকের রাজনৈতিক, আইনগত ও কারিগরি বিভিন্ন দিক এখনো বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নেতারা আশা প্রকাশ করেছিলেন যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে একটি প্রাথমিক চুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষর হতে পারে।
তবে ইরানের অবস্থান সেই সময়সূচি নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিটি রোববার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দিনটি তার ৮০তম জন্মদিনও।
তবে তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো নিষ্পত্তি হয়নি এবং চুক্তির চূড়ান্ত রূপরেখা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ফলে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে আশাবাদ থাকলেও, চুক্তি স্বাক্ষরের সময় ও চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
সূত্র: আল জাজিরা
এমআর/এসএন