© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ছেলেকেও ডাকতে পারছি না’, অসুস্থ অমির আবেগঘন বার্তা

শেয়ার করুন:
‘ছেলেকেও ডাকতে পারছি না’, অসুস্থ অমির আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ১৪ জুন, ২০২৬
এখনকার সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। শারীরিক জটিলতার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। এমন পরিস্থিতিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই নির্মাতা।

আজ (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি জানান, এখনও তিনি কথা বলার সক্ষমতা ফিরে পাননি। তবে সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখনও কথা বলতে পারছি না। তবে সুস্থ হওয়ার চেষ্টা করছি। আরও তিনদিন পর পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝতে পারব।’



কথা বলতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন তিনি। অমির ভাষায়, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। দয়া করে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আবার কথা বলতে চাই। আমি জোরে কথা বলতে চাই। আমি আবারও অ্যাকশন বলতে চাই।’

তবে অসুস্থতার এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে ছেলের সঙ্গে কথা বলতে না পারার বিষয়টি। আবেগঘন ভাষায় নির্মাতা লিখেছেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার ছেলের সাথেও কথা বলতে পারছি না। আমি তাকে আবারও পাপা বলে ডাকতে চাই।’

পোস্টের শেষাংশে সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আপনাদের সবাইকে ভালোবাসি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

অমির এই বার্তা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শোবিজ অঙ্গনের তারকারা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকেই মন্তব্যে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমি। তার নির্মিত বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্ট দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন কয়েকটি কাজ নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

আরআই/টিকে

মন্তব্য করুন