© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মঞ্চসারথি আলী যাকেরের জন্মদিন

শেয়ার করুন:
আজ মঞ্চসারথি আলী যাকেরের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পরিচিত নাম আলী যাকের। মঞ্চনাটকের পথিকৃৎ ও অভিভাবক হিসেবে পরিচিত এই শিল্পী অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন ও লেখালেখিসহ বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। আজ ৬ নভেম্বর, এই গুণী ব্যক্তিত্বের জন্মদিন। ১৯৪৪ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন আলী যাকের। ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এ যোগ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার নিয়মিত নাট্যচর্চা। এরপর আমৃত্যু যুক্ত ছিলেন মঞ্চনাটকের সঙ্গে। অভিনয় ও নির্দেশনায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন ‘নুরুলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ ও ‘কোচ আজানীয়ার গেঁয়ো যোগী’র মতো দর্শকপ্রিয় নাটকে।



মঞ্চনাটকে অসামান্য অবদানের কারণে তাকে শ্রদ্ধার সঙ্গে ‘মঞ্চসারথি’ বলে অভিহিত করা হয়। তবে তার কর্মজীবন শুধু নাট্যাঙ্গনেই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী কর্মী এবং স্পষ্টভাষী কলামিস্ট।

বিজ্ঞাপন জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলী যাকের। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এ খাতের বিকাশে অবদান রাখেন। শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার বহুমুখী কাজ তাকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবস্থান এনে দেয়।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী। তবে তার অভিনীত নাটক, নির্দেশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন আলী যাকের।

এসএ/



মন্তব্য করুন