দেশে প্রথম সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসিত ডা. হিমু
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ১৫ জুন, ২০২৬
বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে অত্যন্ত জটিল ও আধুনিক ভেনাস সাইনাস স্টেন্টিং (ভিএসএস) অপারেশন। এ ঐতিহাসিক অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু। প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে তার এ অনন্য সাধারণ কৃতি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে। জানা যায়, একজন তরুণী দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথা এবং চোখের দৃষ্টিশক্তি হ্রাসের (ভিজ্যুয়াল ইমপেয়ারমেন্ট) সমস্যায় ভুগছিলেন।
চিকিৎসকদের ভাষায় রোগটি ছিল ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন (আইআইএইচ)। ডা. হিমু পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, ওই তরুণীর চোখের ফান্ডোস্কোপিতে ‘বাইলেটারাল প্যাপিলোইডিমা’ ধরা পড়ে এবং মস্তিষ্কের সিএসএফ (সিএসএফ) ওপেনিং প্রেসার ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি (৩০ সেমি ওয়াটার)। এছাড়া তার মস্তিষ্কের রক্তনালীতে (ট্রান্সভার্স-সিগময়েড সাইনাস) ব্লক বা সংকোচন (স্টেনোসিস) ছিল।
এই জটিল পরিস্থিতি থেকে রোগীকে বাঁচাতে ভেনাস সাইনাস স্টেন্টিং অপারেশন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ডা. হুমায়ুন কবির হিমু। সফল অপারেশনের মাত্র দুইদিনের মাথায় ওই তরুণী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং তার চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরে পান।
আরআই/টিকে