© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শিরোনামহীন’- এর নতুন গান ঘিরে এআই বিভ্রান্তি

শেয়ার করুন:
‘শিরোনামহীন’- এর নতুন গান ঘিরে এআই বিভ্রান্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৫ পিএম | ১৫ জুন, ২০২৬
পাঁচ মাসের ব্যবধানে নতুন গান নিয়ে হাজির ব্যান্ড ‘শিরোনামহীন’। গতকাল রাতে প্রকাশিত হয়েছে তাদের ‘যুদ্ধ’। নামে যুদ্ধ হলেও গানটি মূলত শান্তির আহ্বানে তৈরি করেছে দলটি। বিশ্বজুড়ে যে হানাহানি লেগে আছে, সেসবের অবসান ঘটে যেন পৃথিবীটা শান্তির হয়, সেটাই গানে গানে প্রত্যাশা করেছেন তারা।

এদিকে ‘যুদ্ধ’ গানটি নিয়ে দর্শক-শ্রোতার মনে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ গানটির ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে। ফলে অনেকে ভাবছেন, পুরো গানই বুঝি এআই নির্মিত!

একদমই তা নয়। নিশ্চয়তা দিলেন ‘শিরোনামহীন’ কাণ্ডারি জিয়াউর রহমা জিয়া। তিনি বললেন, “আপনারা কি মনে করেন, অডিও-বিষয়ক কোনো ক্ষেত্রে বা লিরিক নির্মাণে ‘শিরোনামহীন’-এর এআইয়ের ওপর নির্ভর করার প্রয়োজন আছে? আমাদের গান তৈরি, রেকর্ডিং, লিরিক, কম্পোজিশন, প্লেয়িং, ভয়েস- অডিও সেক্টরের কোনো কাজে এআই ব্যবহারের প্রশ্নই আসে না। এর প্রধান কারণ, এআইয়ের লিমিটেশন। ‘শিরোনামহীন’ এ যাবতকালের ইতিহাসে ব্যান্ডের বাইরে থেকে কোনো ক্রিয়েটিভ ইনপুট নেয়নি এবং পারফর্ম্যান্স নেবার তো প্রশ্নই আসে না। সেখানে এআই থেকে কেন নেবে? অনেকেই কমেন্ট করেছেন, এআই দিয়ে গান শিরোনামহীনের কাছে আশা করেননি। বিষয়টা দেখে হতবাক হয়েছি! এআই দিয়ে গান শিরোনামহীন করবে কেন? বা আপনি এমনটা আশা করবেন কেন?”

এদিকে ‘যুদ্ধ’ গানটি নিয়ে ব্যান্ডটির ভোকাল শেখ ইশতিয়াক বলেন, ‘২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতায় প্রায় ২ লাখজ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও সংঘাতপূর্ণ বছরগুলোর একটি। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তাই এই গান।’

‘যুদ্ধ’ গানের কথা লিখেছেন জিয়াউর রহমান জিয়া; তার সঙ্গে যৌথভাবে কম্পোজিশন করেছেন কাজী আহমাদ শাফিন। এআই ভিডিওটি বানিয়েছে হাইপার কাটস প্রডাকশন।  

এসএ/এসএন


মন্তব্য করুন