উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা নেই: সংসদে মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ১৫ জুন, ২০২৬
উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তবে তিনি বলেছেন, কর্মজীবী নারীদের জন্য প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটের আওতায় ৪৩টি ও উন্নয়ন বাজেটের আওতায় ২০টি এবং জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও বলেন, কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও সুরক্ষার লক্ষ্যে নওগাঁ জেলায় ২০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হলে সেক্ষেত্রে মান্দা উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরআই/ এসএন