ঢাকাই সিনেমার মুকুটহীন সম্রাজ্ঞী কিংবদন্তি শাবানার ৭৫-এ পা!
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ১৫ জুন, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম প্রধান নক্ষত্র, কোটি দর্শকের হৃদয়ের নায়িকা এবং কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজ তার জীবনের ৭৫তম বছরে পা রাখলেন। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে এক অনন্য অধ্যায় রচনা করেছেন।
আসল নাম আফরোজা সুলতানা রত্না হলেও চলচ্চিত্রে আগমনের পর তিনি পরিচিত হন ‘শাবানা’ নামে। পরিচালক এহতেশাম ও হায়দার চৌধুরীর হাত ধরে শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে পরিণত হয় এক অসাধারণ অভিনয় জীবনে।দীর্ঘ প্রায় তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ২৯৯টি চলচ্চিত্রে। তার অভিনয় দক্ষতা, আবেগঘন উপস্থিতি এবং চরিত্রের গভীরতা তাকে দর্শকের কাছে এক বিশেষ অবস্থানে পৌঁছে দেয়। বিশেষ করে পারিবারিক ও সামাজিক চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
শাবানার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে ওঠে অভিনেতা আলমগীরের সঙ্গে। একসঙ্গে তারা অভিনয় করেছেন রেকর্ড সংখ্যক ১৩০টি চলচ্চিত্রে, যা বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল অনস্ক্রিন জুটি হিসেবে বিবেচিত হয়। এছাড়া রাজ্জাক, ফারুক, জসীমসহ সময়ের প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই তিনি কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘দুই পয়সার আলতা’, ‘মা ও ছেলে’, ‘স্বামী কেন আসামি’, ‘অবুঝ মন’সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা, যেগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে শাবানা পেয়েছেন বহু সম্মাননা। তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ২০১৭ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। তার অর্জন তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৭ সালের পর ধীরে ধীরে তিনি অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে পরিবার নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং বর্তমানে নিউ জার্সিতে জীবনযাপন করছেন।
পর্দার বাইরে থাকলেও শাবানার জনপ্রিয়তা কখনো কমেনি। আজও তিনি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি হিসেবে বিবেচিত হন। তার জন্মদিনে তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে রইল শ্রদ্ধা ও ভালোবাসা।
এসএ/এসএন