© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলে দিতে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

শেয়ার করুন:
যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলে দিতে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ১৫ জুন, ২০২৬
যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া এই আঞ্চলিক সংঘাত নিরসনে ফ্রেমওয়ার্ক চুক্তিটিকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে চুক্তি সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। একই সঙ্গে তিনি ইরানি বন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গেছে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ বন্ধের এই চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হলো লেবানন।

তিনি জানান, এই চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ হতে হবে এবং এই ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

তবে হিজবুল্লাহ এই চুক্তিকে স্বাগত জানিয়ে লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে।

অন্যদিকে, এই আলোচনায় অংশ না নেয়া ইসরায়েল চুক্তিটিকে তাদের জন্য ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন।

এদিকে হরমুজ প্রণালী খুলে দেয়া প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দীর্ঘমেয়াদে টোল-মুক্তভাবে এই নৌপথ সচল রাখার বিষয়ে কারিগরি আলোচনা চলবে। তবে ইরানি গণমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে রয়টার্স উল্লেখ করেছে, খসড়া চুক্তিতে হরমুজ প্রণালিতে ইরান-ওমানের কর্তৃত্ব বজায় রাখা হয়েছে এবং ইরান মাত্র ৬০ দিনের জন্য বিনামূল্যে জাহাজ চলাচলের অনুমতি দেবে, যার পর টোল আদায় করা হবে। চুক্তিটিতে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাটি পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, খসড়া চুক্তিতে হরমুজ প্রণালীর নেভিগেশন সেবার ওপর ইরান ও ওমানের কর্তৃত্বকে স্বীকৃতি দেয়া হয়েছে। তেহরান কেবল ৬০ দিনের জন্য বিনামূল্যে যাতায়াতের অনুমতি দিতে সম্মত হয়েছে, যার পর তারা রাজস্ব বা টোল আদায় করার পরিকল্পনা করছে।

এসকে/এসএন

মন্তব্য করুন