বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ১৫ জুন, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। উচ্চ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় স্বর্ণের পাশাপাশি রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় উত্থান দেখা গেছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। এটি ৯ জুনের পর সর্বোচ্চ দাম।
একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচারও ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারভিত্তিক মূল্যবান ধাতু কেনা আরও সাশ্রয়ী হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যদিও এটি এখনও একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা, তবুও যুদ্ধবিরতি চুক্তিটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা তেলের দাম কমাতে সহায়তা করতে পারে। সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের বাজার এখন সংঘাতের প্রভাবকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। শান্তি চুক্তির খবর ট্রেজারি ইল্ড, ডলার এবং তেলের দাম কমিয়ে দিয়েছে, যা এতদিন মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন সম্পদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে কাজ করছিল।
বিশ্লেষকদের মতে, ইরান সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। আর উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, শান্তি চুক্তির পর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা গত সপ্তাহের প্রায় ৭০ শতাংশ থেকে কমে ৫৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।
এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ১৬-১৭ জুন অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি হবে প্রথম বৈঠক। সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে তার বক্তব্যের অপেক্ষায় রয়েছে বাজার।
ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের পরবর্তী মূল্যগত প্রবণতা অনেকটাই নির্ভর করবে কেভিন ওয়ার্শের বক্তব্যের ওপর। তিনি সুদের হার নিয়ে কী ধরনের বার্তা দেন, সেটিই বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে।
এদিকে সিঙ্গাপুর সরকার ওভার-দ্য-কাউন্টার স্বর্ণ নিষ্পত্তি ব্যবস্থা চালু এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ সংরক্ষণ সেবা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১ দশমিক ৭ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৭৯৬ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৮ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
এসএন