সালমানের ভয়েই ‘কালা হিরণ’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন নায়ক!
ছবি: সংগৃহীত
১০:০৩ পিএম | ১৫ জুন, ২০২৬
মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল ‘কালা হিরণ: ব্যাটেল অফ লেগাসি’। সালমান খানের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার পটভূমিতে নির্মিত এই সিনেমা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। তবে এবার সেই বিতর্কে যোগ হলো নতুন মাত্রা। ছবির প্রধান অভিনেতা সোনু মিশ্র নিজেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান সোনু। সিনেমাটিতে তিনি সালমান খানের আদলে নির্মিত চরিত্রে অভিনয় করছিলেন। প্রথম লুক প্রকাশের পর তার চেহারা ও উপস্থিতির সঙ্গে সালমানের মিল নিয়ে বেশ আলোচনা হয়েছিল। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেছেন অভিনেতা।
সোনুর ভাষ্য, শুরুতে তিনি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু কয়েক দিনের কাজের পর তার মনে হয়েছে, সিনেমাটিতে সালমান খানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একজন অভিনেতা হিসেবে তিনি এমন কোনো প্রচারণার অংশ হতে চান না বলেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে আরও কিছু গুরুতর অভিযোগও করেন তিনি। তার দাবি, চিত্রনাট্য ও চুক্তিপত্র নিয়ে শুরু থেকেই স্বচ্ছতা ছিল না। এমনকি কিছু শর্তের মাধ্যমে তাকে সংবাদমাধ্যমে সালমান খানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতেও উৎসাহিত করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয় তার ব্যক্তিগত নীতি ও পেশাদার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি আর কাজ চালিয়ে যেতে রাজি হননি।

এদিকে ছবিটি নিয়ে আইনি লড়াইও চলছে। সালমান খানের আইনজীবীরা দিল্লি হাইকোর্টে সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদন জানিয়েছেন। তাদের দাবি, এই সিনেমা অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করছে এবং বিচারাধীন একটি মামলাকে ঘিরে জনমনে প্রভাব ফেলার চেষ্টা করছে।
ইতোমধ্যে আদালত ছবির প্রযোজক অমিত জানি ও পরিচালক ভারত শ্রীনাথকে নোটিশ পাঠিয়েছে। আগামী ১৯ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। সালমানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সিনেমার প্রচারণায় তার পরিচিত স্টাইল, ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং চেহারার বিভিন্ন উপাদান ব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
ছবির পোস্টার প্রকাশের পরও সমালোচনার ঝড় উঠেছিল। সেখানে সোনু মিশ্রকে বন্দুক হাতে দেখা যায়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। কারণ সংশ্লিষ্ট অস্ত্র মামলায় সালমান খান আগে থেকেই আইনি স্বস্তি পেয়েছেন।
সব মিলিয়ে, প্রধান অভিনেতার সরে দাঁড়ানো এবং চলমান আইনি জটিলতা ‘কালা হিরণ: ব্যাটেল অফ লেগাসি’র ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। যে সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেটি এখন বিতর্ক ও আইনি লড়াইয়ের কারণেই বেশি শিরোনাম হচ্ছে।
এসএ/এসএন