ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করার অঙ্গীকার করেছে, দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৯:২৩ এএম | ১৬ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে। সর্বশেষ ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি কথিত ধারার কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করার অঙ্গীকার করেছে।
ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং ২০১৫ সালের চুক্তিতেও এই প্রতিশ্রুতি দিয়েছিল। যে চুক্তিটিকে ট্রাম্প তীব্রভাবে সমালোচনা করেন এবং ২০১৮ সালে তা থেকে সরে আসেন। ট্রাম্পের উভয় প্রশাসনই, ইসরাইলের সাথে মিলে, এ পর্যন্ত তেহরানের কথায় বিশ্বাস করতে রাজি হয়নি।
‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে—এই খবরটি ডেমোক্র্যাটিক দলের কর্মীদের ছড়ানো একটি ভুয়া খবর।’
তবে, এর কয়েক ঘণ্টা আগে, ইরান চুক্তি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তার একজন শীর্ষ সহযোগী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জব্দ তহবিল ছাড়ানো, নিষেধাজ্ঞা শিথিল করা এবং তাদের দেশ পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি বড় তহবিল নিয়ে আলোচনা করেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী পারমাণবিক আলোচনায় ইরানের দেয়া ছাড়ের শর্তের সঙ্গে যুক্ত থাকবে।
এদিকে, সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্পের শীর্ষ সহযোগী বলেন, সমঝোতা স্মারকটির খসড়া সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। যদিও ট্রাম্প বলেছিলেন, শুক্রবারে জেনেভায় স্বাক্ষর অনুষ্ঠানের পর এটি প্রকাশ করা হবে।
অন্যদিকে, ট্রাম্প শিবিরও এখনো ব্যাখ্যা করেনি যে তাদের চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কীভাবে মোকাবেলা করবে। এর মধ্যে রয়েছে, ইরান চুক্তি মেনে চলছে কি না, তা যাচাই করার দায়িত্ব কার থাকবে এবং গত গ্রীষ্মে মার্কিন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর নিচে পুঁতে রাখা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম কে ধ্বংস বা অপসারণ করবে।
কিন্তু ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৯ জুন, শুক্রবার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬০ দিনের আলোচনা চলাকালীন ইরানের পারমাণবিক বিষয় নিয়ে যেকোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হবে।
সূত্র: টাইমস অব ইসরাইল
আরআই/টিকে