আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৪৯ পিএম | ১৬ জুন, ২০২৬
সম্প্রতি রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হয়। তবে আদ্-দ্বীনের অন্য শাখাগুলো চালু রাখতে কোনো সমম্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এমনটি জানান মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা থাকলে তা চলতে বাধা নেই।
সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা মারা গেছে। এতে ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তাই এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এই অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো আইনি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আদালত জানেন যে সেখানে নির্মমভাবে ৬টি শিশু মারা গেছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা আশা করছি, অপরাধীরা উপযুক্ত বিচার পাবে।
এসকে/এসএন