দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ১৬ জুন, ২০২৬
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতু করার পরিকল্পনা আছে এমন কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ফিজিবিলিটি স্টাডি করে মাত্র পর্যালোচনা চলছে। বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীসহ দেশের সড়ক ব্যবস্থাপনা নিয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বর্তমানে দেশের ৪৯ জেলা রেল যোগাযোগের সাথে যুক্ত আছে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আরও ১০টি জেলায় রেল যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাস্তবায়নে প্রকল্প নেয়া হবে।
ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর চিন্তা করছে সরকার এছাড়াও রাজধানীর আশপাশের এলাকাগুলোর সাথে যোগাযোগ নিয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেললাইনের নীচ থেকে মাটি খুঁড়ে নেয়া হয়েছে ব্যাপারটি তা নয়-প্রয়োজনেই অতিরিক্ত কিছু মাটি সরানো হয়েছিলো এখন আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে মাটি সরানো বন্ধ করে ওখানে গাছ লাগানো হবে।
মন্ত্রী বলেন, রাজধানীর মহাখালী টার্মিনাল সরাতে উত্তরার একটি জায়গায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের চিন্তা করা হচ্ছে। সব বাস স্ট্যান্ডই সরবে তবে সেটি রাতারাতি নয়। বর্তমানে অস্থায়ী ডিপোতে বাস রাখার ব্যবস্থা হবে। শুধু যাত্রী নেয়ার সময় টার্মিনালে বাস আসবে।
দেশে যেসব প্রকল্পে চীনের আগ্রহ থাকবে আবার যেসব প্রকল্প তারা বাস্তবায়ন করতে চায় সেটা বাংলাদেশের স্বার্থে হবে, সেগুলো নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হবে বলেও মনে করেন তিনি।
মন্ত্রী ফের বলেন, রেলপথ, সড়ক ও নৌপথের ক্ষেত্রে চীনের অনেক প্রস্তাব আছে, তারা বিনিয়োগ করতে চায়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। দেশের উন্নয়ন এবং প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির স্বার্থে সেগুলো বিবেচনা করা হবে। উভয় দেশের স্বার্থ রক্ষা করে যেসব প্রকল্পে একমত হবে সেগুলো গ্রহণ করা হবে।
সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে এগোনো হচ্ছে। আর্থিক সক্ষমতা, কারিগরি দক্ষতা বিবেচনা করে জনস্বার্থে প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
ভারতের সাথে চলাচিল করা মৈত্রী ও বন্ধন ট্রেন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এসএন