© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
ভোটের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে প্রিয়াঙ্কা
international-desk
০৬:৩২ পিএম | ২৩ জানুয়ারি, ২০১৯

লোকসভা ভোটের আগে সক্রিয়ভাবে রাজনীতিতে নিয়ে আসা হলো রাজীব-সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে। বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক পদে নিয়োগ পাওয়ার কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম।

প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের দায়িত্বে আনা হয়েছে মধ্যপ্রদেশের তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। প্রিয়াঙ্কা ফেব্রুয়ারি মাস থেকে দায়িত্ব গ্রহণ করবেন। সমর্থকদের এই দুইজনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন রাহুল।

৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কাকে এর আগেও রাজনীতির ময়দানে দেখা গেছে। কোনো পদে না থেকেও ইন্দিরা গান্ধীর এ নাতনি মা সোনিয়া ও ভাই রাহুলের প্রচারে চষে বেড়িয়েছেন উত্তরপ্রদেশের রায়বেরিলি ও আমেথির কংগ্রেস দুর্গগুলোতে।

ভারতজুড়ে কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘদিন ধরেই তাকে দলের নেতৃস্থানীয় পদে দেখতে চাইলেও এতদিন এ বিষয়ে অনীহাই দেখা গেছে গান্ধী পরিবারের। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা।

পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা ভোটের আগে বিজেপি হটাতে একেবারে মোক্ষম সময়েই ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়ল কংগ্রেস।

 

টাইমস ডেস্ক

মন্তব্য করুন