© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেইলর সুইফটের বিয়ের তারিখ ফাঁস করে দিলেন মামদানি!

শেয়ার করুন:
টেইলর সুইফটের বিয়ের তারিখ ফাঁস করে দিলেন মামদানি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ১৬ জুন, ২০২৬
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হঠাৎই টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টেনে আনেন মেয়র। 

নিউইয়র্কে গ্রীষ্মকালীন বিভিন্ন বড় আয়োজনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্‌যাপন।

এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’ মেয়রের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ, এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।



ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে- মেয়র কি অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন? তবে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কিছুটা মজার ছলেই প্রতিক্রিয়া জানান মামদানি। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাঁদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’

এরপর টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনব।’ এদিকে মার্কিন কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন টেইলর ও ট্রাভিস। গুঞ্জন রয়েছে, নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বসতে পারে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। এমনকি আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য প্রকাশ না করতে গোপনীয়তা চুক্তি (এনডিএ) সই করার কথাও শোনা যাচ্ছে।

সম্ভাব্য অতিথি তালিকায় হলিউড ও সংগীত অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নাম ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।

২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বজুড়ে আলোচিত তারকা জুটিতে পরিণত হন। এরপর ২০২৫ সালে বাগ্‌দানের খবর তাঁদের সম্পর্ককে নতুন মাত্রা দেয়।

বিয়ের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে এই জুটিকে। ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন ডিনার ডেটেও তাঁদের দেখা গেছে।

যদিও এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু নিউইয়র্কের মেয়রের মন্তব্যে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা—জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসছে বছরের সবচেয়ে আলোচিত তারকাবিয়ের আসর?

এসএ/এসএন

মন্তব্য করুন