ঢাকার আকাশ আংশিক মেঘলা, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত
০৯:৫০ এএম | ১৭ জুন, ২০২৬
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার (১৭ জুন) আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই। তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
অন্যদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কেএন/এসএন