আবারও নতুন চমক নিয়ে ফিরছেন হানিয়া আমির
ছবি: সংগৃহীত
০৩:৫৮ পিএম | ১৭ জুন, ২০২৬
আবারও নতুন চমক নিয়ে ফিরছেন পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত হাসির কারণে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই তারকার নতুন নাটকের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।
চলতি বছরের শুরুতে তার আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর থেকেই পর্দায় হানিয়া আমিরের নতুন প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে জানা গেছে, নতুন মেগা প্রজেক্ট ‘ফানা’তে প্রধান নারী চরিত্রে ধরা দেবেন হানিয়া। নাটকটি পরিচালনা করছেন বাদার মেহমুদ, এর আগে তার পরিচালনায় কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, নাটকের প্রধান পুরুষ চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেয়া হয়েছিল হানিয়ার আগের সিরিয়ালের জনপ্রিয় সহ-অভিনেতা বিলাল আব্বাস খানকে। কিন্তু কোনো এক অজানা কারণে বিলাল এই প্রজেক্টটি ফিরিয়ে দেন।

জানা গেছে, হানিয়ার বিপরীতে নতুন এ সিরিয়ালে দেখা যাবে এ সময়ের আলোচিত তরুণ অভিনেতা নামির নেওয়াজ খানকে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জঞ্জাবিল আসিম শাহের চিত্রনাট্যে নির্মিত এই ধারাবাহিকটি চলতি বছরের শেষের দিকে সম্প্রচারে আসতে পারে। আশা করা হচ্ছে, টিভি জগতে চলতি বছর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে নতুন জুটি।
ছোট পর্দার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। পাশাপাশি ভারতীয় র্যাপার বাদশাহর নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে নতুন নাটক, আন্তর্জাতিক প্রজেক্ট এবং একাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানি এ অভিনেত্রী।
এসএ/এসএন