© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ১৭ জুন, ২০২৬
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।


সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) একটি পত্রিকায় চালের দাম বেড়েছে এমন খবরে সত্যতা যাচাইয়ের জন্য আমরা বাজারে গিয়েছিলাম। কিন্তু আমরা চালের পাইকারি বাজারে তেমন কিছু পাইনি। আমরা দেখেছি, চালের দাম এক থেকে দেড় টাকা কম-বেশি আছে। বিক্রেতারা আমাদের জানিয়েছেন, মিল মালিকরা প্রতি বস্তায় ১০০ টাকা দাম বাড়াতে চেয়েছিলেন। কিন্তু এখন বাজার সাড়া না দেওয়ার কারণে বরং কমে এসেছে।’

তিনি বলেন, ‘সবমিলিয়ে আমরা দেখেছি, চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক আছে। মানভেদে ২/১ টাকা দামের কম-বেশি আছে। তবে সেটা স্বাভাবিক। নতুন ও পুরনো চালের মধ্যে এমন কমবেশি থাকেই।’


তিনি জানান, তারা নয়াবাজার খুচরা বাজারেও গিয়েছেন। সেখানেও তারা নিত্যপণ্যের দাম স্থিতিশীল দেখেছেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘শুধু এখন নয়, গত রোজার পর থেকে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল আছে। আমরা শুধু বিশ্ববাজারে দাম সমন্বয় করার জন্য সয়াবিন তেলের দাম বাড়িয়েছি। এছাড়া অন্য কোনো পণ্যের দামে কোনো অস্থিরতা নেই।’

তিনি আরও জানান, এ বছর বাজেট পরবর্তীতেও বাজারে কোনো অস্থিরতা ছিল না।

সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘সরকারের কাছে আপদকালীন মজুত থাকার কথা ১৩ লাখ টন খাদ্যশস্য। সেখানে আমাদের মজুত আছে ২০ লাখ টন। পাশাপাশি সন্তোষজনক সংগ্রহ কার্যক্রম চলছে। খাদ্যশস্যের কোনো ঘাটতি বা সমস্যা নেই।’

টিজে/টিকে 

মন্তব্য করুন