৭ বছরের বিরতি শেষে সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর
ছবি: সংগৃহীত
০৫:২৮ পিএম | ১৭ জুন, ২০২৬
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে। অবশেষে সাত বছরের বিরতি শেষে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এই নির্মাতা।
গত সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন অংশু। সিনেমার নাম ‘লিম্বো’। এটি মুক্তি পাবে ২০২৭ সালে। ক্যাপশনে লেখেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’

নির্মাতা অংশু জানান, তাঁর নতুন সিনেমা হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। বিশাল ক্যানভাসের এই সিনেমাটি আন্তর্জাতিক মানে তৈরি করার জন্য তিনটি দেশে শুটিং করার পরিকল্পনা করছেন। আগামী আগস্ট মাস থেকেই সিনেমার সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তিপ্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।
দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‘গত ৬-৭ বছরে বেশ কয়েকটি সিনেমা আমার পরিকল্পনায় ছিল। কিন্তু এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। আমি সব সময় নতুন ধারা বা জনরা তৈরি করতে পছন্দ করি। আমার মনে হয় লিম্বো খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।’
এসএ/টিকে