যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির টেক্সট প্রকাশ না করার কারণ জানালেন ভ্যান্স
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ১৭ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণ টেক্সট বা অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি কূটনৈতিক সংবেদনশীলতার কারণে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) মার্কিন উপস্থাপক মেগিন কেলির এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয় এখনও চলমান রয়েছে।’
তিনি জানান, শুধু ইরানই নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছে।
ভ্যান্স বলেন, ‘ইরানিরা এবং আমাদের কিছু মধ্যস্থতাকারী, বিশেষ করে পাকিস্তান ও কাতার, চেয়েছে যেন আমরা বিষয়টি সঠিক ক্রমে এগিয়ে নিই।’
তবে কেন এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, সে বিষয়ে তিনি নিজেও পুরোপুরি অবগত নন বলে মন্তব্য করেন। তার ভাষায়, ‘আমি এর পেছনের যুক্তি পুরোপুরি বুঝি না, তবে আরব ও মুসলিম বিশ্বে কিছু সংবেদনশীল বিষয় রয়েছে, যেগুলোর প্রতি আমরা সম্মান দেখানোর চেষ্টা করছি।’
ভ্যান্সের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের সম্ভাব্য বিভিন্ন ধারা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান আনুষ্ঠানিকভাবে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে এই সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির বিস্তারিত বিবরণ ‘খুব শিগগিরই’ প্রকাশ করা হবে।
এই সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য ইসরাইলের অনুরোধ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে ইসরাইল।
টিজে/টিকে