© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে ফের দূতাবাস চালু করছে ইতালি

শেয়ার করুন:
তেহরানে ফের দূতাবাস চালু করছে ইতালি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ১৭ জুন, ২০২৬
মধ্যপ্রাচ্যে তিন মাস আগের তুমুল উত্তেজনার সময় ইরানের রাজধানী তেহরানে বন্ধ করে দেওয়া নিজেদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইতালি। আগামী শুক্রবার তেহরানে ইতালির দূতাবাসের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন।

দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তাজানি বলেন, ‌‌‌‘‘তেহরানে আমাদের দূতাবাস আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।’’

চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের রাজধানীতে নিজেদের কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ইতালি। এর কিছুদিন পরই এই ঘোষণা এলো।

তাজানি বলেন, দূতাবাস পুনরায় চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে ইতালির রাষ্ট্রদূত, অন্যান্য কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা তেহরানে ফিরে যাবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতাকে ‘‘আশাব্যঞ্জক অগ্রগতি’’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে শান্তির একটি ক্ষীণ আলো দেখা যাচ্ছে; যা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়।’’

ইতালির ওই পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলবেন তিনি। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টায় সমর্থন জানাতে ইতালি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তাজানি।

হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তাজানি বলেন, এটি ইতালির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সোমবার রূপরেখা চুক্তি ঘোষণা করে উভয়পক্ষ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

এসকে/টিকে

মন্তব্য করুন