মা হিন্দু আর বাবা মুসলিম, তবে কোন ধর্মে বিশ্বাসী জিনাত আমান?
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ১৮ জুন, ২০২৬
‘সত্যম শিবম সুন্দরম’, ‘কুরবানি’, ‘ডন’ বা ‘হরে রাম হরে কৃষ্ণ’- এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করে ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা করেছিলেন জিনাত আমান। পর্দায় সাহসী ও স্বাধীনচেতা চরিত্র ফুটিয়ে তুলে প্রচলিত ধারণা ভেঙে দেওয়া এই অভিনেত্রী বাস্তব জীবনেও বরাবরই স্পষ্টভাষী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দুটি নাম, মা-বাবার ভিনধর্মে বিয়ে এবং নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বলিউড তারকা। সাক্ষাৎকারে জিনাত জানান, আসলে তার দুটি নাম রয়েছে। তিনি বলেন, ‘বাবার দিক থেকে আমার নাম জিনাত আমান, আর মায়ের দিক থেকে আমার নাম- ললিতেশ্বরী।’ জিনাতের মা বর্ধিনী ছিলেন একজন কট্টর হিন্দু মহিলা, যিনি প্রতিদিন ২-৩ ঘণ্টা পুজো করতেন।

জন্মের সময় অবশ্য অভিনেত্রীর নাম ছিল জিনাত আমানুল্লাহ খান। মা হিন্দু ও বাবা মুসলিম হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে জিনাত নিজে কোন ধর্ম মানেন? এর জবাবে অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি নিজে কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নন।
জিনাত বলেন, ‘আমি ধার্মিক নই। কারণ ছোট থেকেই আমি নানা রকমের সংস্কৃতি দেখেছি। আমার মা ছিলেন হিন্দু, বাবা মুসলিম, আর আমার সন্তানদের বাবাও মুসলিম। আবার আমি পড়াশোনা করেছি ক্যাথলিক স্কুলে, অন্যদিকে আমার সৎ বাবা ছিলেন জার্মান।’
সব ধর্মকে খুব কাছ থেকে দেখলেও কোনো বিশেষ ধর্ম বেছে নেওয়ার প্রয়োজন বোধ করেননি জিনাত। নিজের বিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘সব ধর্মই ভালো, কেউ খারাপ কিছু শেখায় না। আমি মূলত মানবতা, দয়া, শান্তি এবং মানুষ ও প্রাণীদের প্রতি ভালোবাসায় বিশ্বাস করি। এটাই আমার ধর্ম।’
এসএ/এসএন