© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতারণা ও হুমকির মামলায় সোহমের আগাম জামিন আবেদন খারিজ

শেয়ার করুন:
প্রতারণা ও হুমকির মামলায় সোহমের আগাম জামিন আবেদন খারিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ১৮ জুন, ২০২৬
প্রতারণা ও হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেতে আগাম আবেদন করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। সে আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৭ জুন) সোহমের আইনজীবী আগাম জামিনের আবেদন করলে দুই পক্ষের বক্তব্য শোনার পরে আগাম জামিন আবেদন খারিজ করে দেন বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু।

গত ২১ মে বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণা, হত্যার হুমকির অভিযোগে মামলা করেন বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা প্রযোজক তরুণ দাস।
 
তার অভিযোগ, ২০১৮ সালে কর্মাশিয়াল একটি বাংলা সিনেমা তৈরির জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করলে তার কাছ থেকে ১৫ লাখ রুপি হাতিয়ে নেন সোহম। ওই অর্থ পরে ফেরত চাইলেও দিতে অস্বীকৃতি জানান অভিনেতা।
 


অভিযোগ পত্র থেকে জানা যায়, তরুণ দাস তার সিনেমায় মুখ্য চরিত্রের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সম্মানি হিসেবে তাকে অগ্রিম দেন ১৫ লাখ রুপি। ২০২০ সালে তরুণ বুঝতে পারেন সিনেমাটির কাজ আর এগোবে না। ওই সময় প্রযোজকের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় অভিনেতার কাছে টাকা ফেরত চান। কিন্তু এতে উল্টো হুমকির সম্মুখীন হতে হয় প্রযোজককে।
 
এ প্রসঙ্গে তরুণ দাস সংবাদমাধ্যমে বলেন, ‘এতগুলো বছর ধরে টাকা চেয়েও পাইনি। উল্টো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আদালতের আগাম জামিন আবেদন খারিজের নির্দেশে ন্যায়বিচারের আশা দেখছি।’
 
এ বিষয়ে কথা বলতে সোহম চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নায়কের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে সোহম চক্রবর্তীর আইনজীবী শেখর দাশগুপ্ত জানান, সোহম সিনেমায় কাজের জন্য সময় দিতে প্রস্তুত ছিলেন কিন্তু অভিযোগকারী সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারেননি।
 
এমন পরিস্থিতিতে আদালতের লিখিত নির্দেশ হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন সোহম চক্রবর্তী ও তার আইনজীবী।

এসএ/টিকে

মন্তব্য করুন