সুন্দরবনে দস্যুতা দমন ও উপকূলীয় নিরাপত্তায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ১৮ জুন, ২০২৬
সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক। বৃহস্পতিবার (১৮ জুন) সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে বনদস্যুতা সম্পূর্ণ নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতায় দস্যু চক্রগুলো কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ছোট সুমন ও তার সহযোগীরা সম্প্রতি আত্মসমর্পণ করেছে।
তিনি আরও বলেন, মোংলার জয়মনির ঘোলে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের ফলে বনদস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহের পথ বাধাগ্রস্ত হয়েছে। এতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সুন্দরবনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সম্প্রতি জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের মাধ্যমে তিনি সুন্দরবন ও উপকূলীয় এলাকার জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান। পাশাপাশি সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানান।
তিনি বলেন, দেশের জনগণের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং সামুদ্রিক ও উপকূলীয় সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এমআর/টিকে