© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রল ও কটূক্তির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

শেয়ার করুন:
ট্রল ও কটূক্তির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ১৮ জুন, ২০২৬
অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও সরব থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য, অনলাইন বুলিং এবং মিডিয়ার নারীদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়ে কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য ও ট্রল সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে শবনম ফারিয়া বলেন, এই সমস্যা এখন অনেকটাই সাধারণ চর্চায় পরিণত হয়েছে। তার ভাষায়, এইটাতো একটা কমন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এই মুহূর্তে আসলে কীভাবে নির্মূল করা যাবে আমি জানি না। আমাদের যদি আইন প্রয়োগকারী সংস্থারা খুবই সচেতন হয়, তাহলে একটা জিনিস আসে।

এই অভিনেত্রী বলেন, অযথাই ধরেন খুব বাজে বাজে কমেন্ট আসে। কিছু ধরেন স্পেসিফিক ওয়ার্ড বললাম যে এই মেয়েদেরকে, স্পেশালি মিডিয়ার মেয়েদেরকে এই গালিগুলা দেয়। একটা মানুষের মাথায় কেন আসবে যে আরেকটা মানুষ হয়তো অভিনয় করে, কিন্তু আসলে ও অভিনেত্রী না ও ‘ঐটা’। আপনি তখনই আপনার মাথায় এই চিন্তাগুলা আসবে যখন আপনার চিন্তাভাবনা বিকৃত। আপনি মানুষকে নিয়ে খারাপ কথা শোনেন এবং আপনার আশেপাশে আপনার সারাউন্ডিং ভালো না, তারাও আজবাজে কথা বলে। তখনই আরেকটা মানুষকে নিয়ে আপনার বাজে ভাবনা আসবে। অকারণে তো মানুষ বাজে হবে না।



তবে অনলাইনে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও যে বেশ জটিল, সেটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে যেকোনো কিছুর কেস করা খুবই সময়সাপেক্ষ এবং অনেক ঝামেলার। আপনি থানায় যাবেন, থানায় আপনার জিডি করবে, করে বলবে আপনি কোর্টে যান, ওখানে গিয়ে কেস করেন। এখন কোর্টে গিয়ে কেস করা, আবার এভিডেন্স দেওয়া- এটা পুরোটাই খুবই হ্যাসেলের একটা কাজ।

শুধু আইন নয়, পরিবার থেকেই শিশুদের সঠিক শিক্ষা দেওয়ার ওপর জোর দেন এই অভিনেত্রী। তিনি বলেন, আপনাকে একটা ছোট বাচ্চাকে শিখাতে হবে যে, ‘বাবা, তুমি যে কথাটা সামনে গিয়ে মানুষকে বলতে পারো না, এটা তুমি ওখানেও লিখতে পারবা না।’

তবে শবনম ফারিয়া এও বলেন, এই ধারণা তৈরির পেছনে পুরো ইন্ডাস্ট্রিকে দায়ী করা ঠিক নয়। তবে ইন্ডাস্ট্রিরই কয়েকজন মানুষের কারণে অন্যদেরও সমালোচনার মুখে পড়তে হয়। তার ভাষায়, এইটার পিছনে আমাদেরও ভূমিকা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতেই এমন কয়েকজন চরিত্র আছে যারা এই জিনিসটা বানিয়েছে এবং তাদের জন্য আমরা সবাই কথা শুনি। আমাদের ইন্ডাস্ট্রিতেই হয়তো আমরা তাদেরকে তারকা বলি, এরকম দুই-একজন আছে এবং তারা সবাই জানে যে তারা এরকম। সো ওই দুই-একজনের কারণে মনে করে সবাই হয়তোবা এরকম। সবাই তো এরকম না।

শোবিজে নিজের একটি শক্ত অবস্থান ও ব্যক্তিত্ব ধরে রাখার কারণে অনেকেই তাকে ভুল বোঝেন উল্লেখ করে ফারিয়া জানান, আমাকে যেমন আমার নামে অনেক বদনাম করে। যেমন আমি বদমেজাজি, আমি অনেক রাগী, এই সেই...। তবে এটা খারাপ না। কারণ এটা আমার জন্য একটা গার্ড (সুরক্ষাকবচ) ছিল।

এসএ/টিকে


মন্তব্য করুন