© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সঞ্চিতার মৃত্যুর তদন্তে নতুন মোড়

শেয়ার করুন:
সঞ্চিতার মৃত্যুর তদন্তে নতুন মোড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ১৮ জুন, ২০২৬
মৃত্যুর ৪ দিন পর হোয়াটসঅ্যাপ চ্যাটে মিললো টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের আকস্মিক মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্তে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২২ বছর বয়সী এই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর নেপথ্যে মানসিক চাপ, পেশাগত জটিলতা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছিল পুলিশ।

এমন পরিস্থিতিতেই অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল দাবি করেছেন, ‘সাজন ঘর’ ধারাবাহিকের সহ-অভিনেতা উজ্জ্বল শর্মার কাছ থেকে মানসিক হেনস্থার শিকার হয়েছিলেন সঞ্চিতা।
 
গত ১৪ জুন মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয় ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলের মরদেহ। এই তদন্তে এখন সবচেয়ে বড় সূত্র হয়ে উঠেছে অভিনেত্রীর কথিত হোয়াটসঅ্যাপ চ্যাট।
 
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তীব্র মানসিক ও আবেগগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন সঞ্চিতা। তীব্র আতঙ্ক, উদ্বেগ এবং ঘুমের সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনে ভবিষ্যৎ নিয়ে নিজের গভীর ভীতি ও অসহায়ত্বের কথা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
 


পেশাগত দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারার গ্লানি এবং নিজেকে সম্পূর্ণ নিঃস্ব মনে করার মতো তথ্যও উঠে এসেছে ওই চ্যাটে। পুলিশ তাই বার্তাগুলোর সত্যতা যাচাই করছে। এদিকে সহ-অভিনেতা উজ্জ্বল শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল। ইন্দ্রাক্ষীর দাবি, সহ-অভিনেতা উজ্জ্বলের আচরণে সঞ্চিতা চরম মানসিক চাপে ছিলেন। সঞ্চিতা শো ছেড়ে দিতে না চাইলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছিল।
 
এখানেই শেষ নয়, আর্থিক লেনদেন নিয়েও বিরোধের অভিযোগ উঠেছে। ইন্দ্রাক্ষীর দাবি, উজ্জ্বল সঞ্চিতার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত চাইলে সঞ্চিতাকে অপমান ও মারধরের হুমকি দেয়া হয়। বিষয়টি সঞ্চিতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ ঘনিষ্ঠ মহলের। উজ্জ্বলের বিরুদ্ধে এমন দাবির প্রমাণ হিসেবে চ্যাটের স্ক্রিনশট পুলিশের কাছে জমা দিয়েছেন অভিনেত্রী। ওই চ্যাটে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন উজ্জ্বল।
 
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা উজ্জ্বল শর্মা। তার দাবি, দীর্ঘ দিন ধরে সঞ্চিতার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। উল্টো সঞ্চিতার ব্যক্তিগত জীবন ও সাবেক প্রেমিকের সাথে সম্পর্কের টানাপোড়েনকে এর জন্য দায়ী করেছেন তিনি। উজ্জ্বলের ভাষ্য, সঞ্চিতা তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা নিয়ে কঠিন সময় পার করছিলেন এবং এ জন্য চিকিৎসকের সাহায্যও নিচ্ছিলেন।
  
প্রকৃত সত্য কী তা জানতে চলমান রয়েছে পুলিশি তদন্ত। সঞ্চিতার পরিবার চান, মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসুক নিরপেক্ষ তদন্তে। তাই তদন্তকারীরা সঞ্চিতা মৃত্যুর সমস্ত দিক খতিয়ে দেখছেন।
 
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সঞ্চিতা উগলে। মাত্র ২২ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর এমন বিদায় বিনোদন অঙ্গনে ফেলেছে শোকের ছায়া।

এসএ/টিকে

মন্তব্য করুন