© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার মাদরাসা থেকে মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

শেয়ার করুন:
ঢাকার মাদরাসা থেকে মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ এএম | ১৯ জুন, ২০২৬
ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪।

বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদরাসায় অভিযান চালায়। প্রথমে সেখানে মাদক ব্যবসায়ীদের মাদক মজুতের তথ্য পেয়েছিল র‍্যাব। পরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের একটি নির্মাণাধীন ওয়াশরুমে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগের সন্ধান মেলে। সেই ব্যাগের ভেতর সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি পাওয়া যায়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডারের রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ সবকিছু অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘টি’ খোদাই করা ছিল।

র‍্যাব-৪, সিপিসি-২- এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রের মূল উৎস কী এবং কারা এটি মাদরাসায় এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসকে/এসএন

মন্তব্য করুন