শাকিবের বাড়িতে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ১৯ জুন, ২০২৬
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের নানা অধ্যায়ের পর এবার আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী মিষ্টি জান্নাতের একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। দেশে শুরু হওয়া এই বিতর্ক এখন সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে, যা নতুন করে শাকিব-মিষ্টি প্রসঙ্গকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সম্প্রতি কলকাতার পত্রিকা আনন্দবাজারের অনলাইন ভার্সনে শাকিব-মিষ্টি জান্নাতকে নিয়ে নতুন করে খবর প্রকাশ করেছে। খবরটির শিরোনামে লেখা হয়- ‘শাকিবের বাড়িতে গিয়ে খুব অস্বস্তিতে পড়েছিলাম’। কোন অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত?
খবরটি ছিল এমন- ওপার বাংলার অন্যতম আলোচিত অভিনেতা শাকিব খান। নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। সদ্য মেয়ের বাবা হয়েছেন নায়ক। এরইমধ্যে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তার সঙ্গে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ার পরে এমনই প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জান্নাত।
অভিনেত্রী বলেন, "বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যেদিন এ ছবিটি তোলা হয়েছিল, সেই দিনই আমি শাকিবের বাড়ি গিয়েছিলাম। ও (শাকিব)পরে মায়ের থেকে খাবার এনে আমাকে দিয়েছিল। আমার হাতে খাবার দিয়ে বলেছিল, 'এই নাও তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে।' আমার সহকারীদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। খুব অস্বস্তিতে পড়েছিলাম।"

বিমানে শাকিবের সঙ্গে জান্নাত কেন ছবি তুলেছিলেন? অভিনেত্রী যোগ করেন, ‘ওই ছবি আমি তুলতাম না। ওই দিনের অনেক ভিডিও আছে। কিন্তু আমি সেগুলো দেব না। সবাই ভাববে, শাকিবকে বিক্রি করে খাচ্ছি।’
আর কথা বাড়াতে রাজি হননি জান্নাত। যদিও নায়কের জীবনে যত বিতর্কই আসুক না কেন, অভিনেতা চুপ থেকেছেন। সদ্য মেয়ে হওয়ার পরেও নিশ্চুপ থেকেছেন শাকিব। বরং তার স্ত্রী শবনম বুবলী মেয়ে হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন।
এদিকে শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।
তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লেখেন, এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা। এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন।
ঢাকাই চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে মিষ্টি জান্নাতের। তাদেরই একজন শাকিব খান। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি, এমন গুঞ্জনও চাউর হয়েছিল চলচ্চিত্র পাড়ায়। এরপর থেকেই শাকিবকে নিয়ে বেশ আলোচনায় আসেন মিষ্টি এবং প্রায়ই নায়ককে নিয়ে সামাজিকমাধ্যমে কৌতূহল জাগানিয়া পোস্ট দিতে দেখা যায় এ নায়িকাকে।
গত বছরের জুলাইয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিষ্টি জান্নাত। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়া বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’
এসএ/এসএন